Uncategorized

অনুষ্ঠিত হলো ফুলকুঁড়ি আসরের আয়োজনে ৩য় স্প্রিং ক্যাম্প-২০২৬

 

গত ০৩ এপ্রিল (শুক্রবার) থেকে আজ ০৬ এপ্রিল (সোমবার) গাজীপুরের বাহাদুরপুরে অবস্থিত রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের আয়োজনে ৪র্থ থেকে অনূর্ধ্ব ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় ৩য় স্প্রিং ক্যাম্প-২০২৬। ৪ দিনব্যাপী এই ক্যাম্পে সারাদেশ হতে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৬টি রেজিমেন্টে বিভক্ত করা হয়। জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করে রেজিমেন্টের নামগুলো জুলাই শিশু শহিদদের নামে নামকরণ করা হয়; শহিদ জাবির ইব্রাহিম, শহিদ ফারহান ফাইয়াজ, শহিদ তাহমিদ ভূঁইয়া, শহিদ আব্দুল আহাদ, শহিদ শাহারিয়ার খান আনাস এবং শহিদ গোলাম নাফিজ রেজিমেন্ট।

ক্যাম্পের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোঃ জাকারিয়া হোসাইন পিএসসি. (অব:), ক্যাম্পের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় খেলাধুলা ও ব্যায়াম উপদেষ্টা, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এ.কে.এম বদরুদ্দোজা।

ক্যাম্পের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মোঃ জাকারিয়া হোসাইন, পিএসসি. (অব:) শিশুকিশোরদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা ফুলকুঁড়ির এই ক্যাম্পে অংশগ্রহণ করতে পেরেছো তারা সত্যিই সৌভাগ্যবান, আমার দুর্ভাগ্য যে শৈশবে ফুলকুঁড়ি আসরের মত এমন সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পারি নি। তিনি তার বক্তব্যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী (এম.এ.জি. ওসমানী) কে স্মরণ করে বলেন, নিজেকে নিয়ে বড় স্বপ্ন দেখতে হবে এবং নিজেকে বড় মানুষ হিসেবে তৈরি করতে হবে।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এ.কে.এম বদরুদ্দোজা ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাকালীন ইতিহাস স্মরণ করেন এবং আসরের প্রয়াত সভাপতি ও উপদেষ্টাবৃন্দকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, আমাদেরকে আদর্শ মানুষ হতে হবে। অন্যের হক নষ্ট করা যাবে না এবং নিজের হক নিজেকে আদায় করে নিতে হবে।

ক্যাম্পের সমাপনী অধিবেশনে আনুষ্ঠানিক কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেলার অ্যাসোসিয়েশন (রাওয়া) এর সভাপতি কর্নেল মোহাম্মদ আবদুল হক, পিএসসি (অব.)। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের কাউন্সিলর, আসরের প্রাক্তন প্রধান পরিচালক হাসান মুর্তাজা। অতিথিরা শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমাদের দ্বারা সব সম্ভব, তোমরাই জাতির ভবিষ্যৎ, তোমাদের মধ্যেই আছে আগামীর নেতৃত¦। তোমরা তোমাদের প্রচেষ্টা চালিয়ে যাও। জীবনে বাধা আসবেই, সকল বাধা পেরিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হবে। পাশাপাশি, জ্ঞান-বিজ্ঞানে পারদর্শী হয়ে নিজেকে তৈরি করে দেশের সেবায় নিয়োজিত করতেও উৎসাহিত করেন।

 

সারাদেশ থেকে আসা ফুলকুঁড়ি বন্ধুদের নিয়ে ৩য় স্প্রিং ক্যাম্প-২০২৬ গত ৩রা এপ্রিল শুরু হয়ে আজ ৬ই এপ্রিল পর্যন্ত চলে। চার দিনব্যপী স্প্রিং ক্যাম্পে অংশগ্রহণকরীরা আলোর ভুবন, জীবন পথের গান, মেধা যাচাই, শরীরচর্চা ও মাঠের কাজ, চ্যালেঞ্জিং আওয়ার, ফাস্ট এইড ও সিভিল ডিফেন্স, শিশু পার্লামেন্ট এর মতো বিভিন্ন শারীরিক ও মানসিক দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে। উল্লেখ্য যে, ফুলকুঁড়ি আসর ২৮ সেপ্টেম্বর ১৯৭৪ সাল থেকে একতা, শিক্ষা, চরিত্র, স্বাস্থ্য ও সেবা এই ৫টি আদর্শকে ধারণ করে দেশব্যাপী শিশুকিশোরদের শিক্ষা ও শরীরচর্চামূলক কর্মসূচির মাধ্যমে মেধা বিকাশে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *